শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন বলেছেন, বাংলাদেশের
উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য উৎসাহব্যঞ্জক।
কৃষিতে অগ্রগতি ও খাদ্যে
স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারী ও শিশুর উন্নয়নে
বাংলাদেশের সফলতার প্রশংসা করে এ অর্জনকে ‘বিস্ময়কর’ বলেও মন্তব্য করেন
তিনি।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।
ভুটানকে সবসময় সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত পেমা। পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং নারী ও শিশুর উন্নয়নে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি অর্জনে তিনি অভিনন্দন জানান।
ভুটান বাংলাদেশ থেকে চাল কিনতে আগ্রহী জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে চালের দর নির্ধারণ নিয়ে আলোচনায় শুরু হয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটান বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিলো। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সেক্টরে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আনতে প্রস্তুত।
এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
বিবিআইএন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল চার রাষ্ট্রের জন্য লাভজনক হবে। বিবিআইএনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের বাজার সৃষ্টি করতে পারবো।
ভুটান ও নেপাল সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় জনগণের কথা ভাবতেন। আমরাও জনগণের কল্যাণে কাজ করছি।






