ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা হয় না। এদেশে সবার সমান অধিকার।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করায় ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যু সমাধানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এছাড়াও ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘ব্যাপক এবং প্রাণবন্ত’ বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। তিনি বলেন: আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।
ভারতের রাষ্ট্রপতি বলেন: ভারতের উন্নয়ন অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ-ভারতের মধ্যে অংশীদারিত্ব ব্যাপক এবং প্রাণবন্ত।
ভারতীয় রাষ্ট্রপতি বলেন: তিনটি মেগা ইভেন্ট উদযাপনে অংশীদার হতে পেরে তিনি খুবই খুশি।
‘বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এমন একটি সময়ে তিনি এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত’, বলেন রাম নাথ কোভিন্দ।
রাম নাথ কোভিন্দ বাংলাদেশে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছেন।







