মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসে কক্সবাজার ক্যাম্পে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। পরিবারের সঙ্গে দুঃসহ স্মৃতি নিয়ে এসেছে অসংখ্য রোহিঙ্গা শিশু। ক্যাম্পে বসবাসকারী এসব শিশুর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা নিয়ে বিশেষভাবে কাজ করছে ইউনিসেফ।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইউনিসেফ স্থাপন করেছে শিক্ষাকেন্দ্র। সেখানে চলছে রোহিঙ্গা শিশুদের লেখাপড়া। বাংলাদেশে এসেই বর্ণপরিচয় ঘটেছে অনেক রোহিঙ্গা শিশুর। এদেরই একজন মোহাম্মদ জাকের, বয়স ১১। এখনো স্কুলে যাবারই সুযোগ হয়নি। মিয়ানমারে সহিংস ঘটনার কারণে পরিবারের অন্যান্যদের সঙ্গে পালিয়ে এসেছে বাংলাদেশে।
বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফ পরিচালিত শিক্ষাকেন্দ্র থেকেই শিক্ষা জীবনের যাত্রা শুরু করেছে জাকের।
প্রথম স্কুলে আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সে জানায়, ‘আমার স্কুলে আসতে খুব ভালো লাগে, কারণ শিক্ষকরা আমাকে হাতে ধরে লেখা শেখান। তাছাড়া এখানে আসলে, নতুন বন্ধুদের সঙ্গে থাকলে আমি মিয়ানমারের দুঃসহ স্মৃতিগুলো ভুলে থাকতে পারি।








