সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিহতরা হলেন- ৩৪ ই বেংগলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারিরের (রংপুর) সৈনিক (টিএ) মোঃ রিপুল মিয়া।
আহতরা হলেন- ৩৪ ই বেংগলের সৈনিক মোঃ জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ) সৈনিক মোঃ মজাহিদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পথে আয়ালোক নামক স্থানে উক্ত কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ হতাহতের ঘটনা ঘটে।’
আহতদের উন্নত চিকিৎসার জন্য সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিকের রাজধানী বাংগুইয়ে স্থানান্তর করা হয়েছে। সেখানে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।
নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য। এই ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।








