বহির্জাগতিক প্রাণের প্রকৃতি, মহাজাগতিক সভ্যতার বিকাশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে শুক্রবার বরিশালের অমৃত লাল দে কলেজে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান বক্তৃতা: ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’।
বিজ্ঞান বক্তৃতার আয়োজন করেছে বিজ্ঞান সংগঠন কসমিক কালচার। সাথে থাকছে প্রয়োজনীয় অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা এবং বৈজ্ঞানিক পর্যালোচনাসহ প্রশ্নোত্তর পর্ব।
বিকাল ৫ টায় অনুষ্ঠিত এই বক্তৃতাটি করবেন ডিসকাশন প্রজেক্ট-এর পেশাদার বিজ্ঞান বক্তা ও লেখক আসিফ।
সূর্যের মতোই আরও প্রায় ৪০ হাজার কোটি নক্ষত্র নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। কল্পনাতীত এই নক্ষত্র জগতে কি একমাত্র পৃথিবীতেই প্রাণের সঞ্চার হয়েছিলো? আর কোথাও কি বুদ্ধিমান প্রাণীর আবির্ভাব ঘটেনি? তার সম্ভাবনাই বা কতটুকু?
হতে কি পারে না অসংখ্য নক্ষত্রের অসংখ্য গ্রহ প্রাণের কোলাহলে মুখরিত? কিভাবে ড্রেক সমীকরণ ১০০ কোটি গ্রহে বুদ্ধিমান প্রাণী থাকার গাণিতিক সম্ভাবনার কথা বলছে? বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণীর সাথে যোগাযোগের ক্ষেত্রে মিশরীয় হায়ারোগ্লিফিক-এর পাঠোদ্ধার পদ্ধতি কি কোন আলোকবর্তিকা দেখাতে পারে?
কেনইবা আমরা বহির্জাগতিক প্রাণের সন্ধান করছি? হাবল টেলিস্কোপ কিংবা কেপলার মহাকাশযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাবিশ্বে পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান লাভ কি ইঙ্গিত করছে?
বিজ্ঞান বক্তৃতা: ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর।

কসমিক কালচারের বিজ্ঞানকর্মী যেয়েল কর্মকার বলেন, অনুষ্ঠানটি ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অশ্বিনী কুমার হলে সরকারি পর্যায়ের অনুষ্ঠানের জন্য আমাদের বরাদ্দ পরিবর্তন করা হয়। পরবর্তীতে ১০ মার্চ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।
কিন্তু দ্বিতীয়বারেও সরকারি পর্যায়ের অনুষ্ঠানের জন্য আমাদের বরাদ্দ পরিবর্তন করা হয়। এই অবস্থায় আমরা অনুষ্ঠানটি ১০ মার্চ তারিখেই অমৃত লাল দে মহাবিদ্যালয়ে আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি।
স্থান পরিবর্তনজনিত কারণে অনুষ্ঠানটি সকালের পরিবর্তে বিকেল ৪ টা থেকে শুরু হবে।

ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মী খালেদা ইয়াসমিন ইতি বলেন, বিগত ২৪ বছর ধরে বিজ্ঞানবক্তৃতা করছেন আসিফ। এর আগে নারায়ণগঞ্জ, গাজীপুর, শ্রীমঙ্গল, সিলেট, দাউদকান্দি, নীলফামারি, কুড়িগ্রাম, সন্দ্বীপ ইত্যাদি জায়গায় বিজ্ঞান বক্তৃতা করেছেন তিনি। এই ধরনের বিজ্ঞান বক্তৃতার উদ্দেশ্য শিক্ষা ও জ্ঞানের বিস্তার ঘটানো, যেন মানুষের মন থেকে কুসংস্কার দূর হয়ে মন যুক্তিতে পরিপূর্ণ হয়ে উঠে। এবং মনে বোধ ও উপলব্ধি তৈরি হয়।
এছাড়া বিজ্ঞান বিষয়ক মেধা ও সৃজনশীলতা বিকাশে দিনব্যাপি বিজ্ঞান আয়োজনের অংশ হিসেবে সকলের জন্য উন্মুক্ত থাকছে বিজ্ঞান বই মেলা, ছোটদের জন্য ‘মহাকাশ’ নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও মহাকাশযানের মডেল তৈরি এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান প্রজেক্ট তৈরির প্রতিযোগিতা ও সায়েন্স ফিকশন রচনা প্রতিযোগিতা।
বিজ্ঞান বক্তৃতার ৫০ টাকা মূল্যমানের টিকিট পাওয়া যাবে অনুষ্ঠান শুরুর আগে মিলনায়তনে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৯১৪ ৪৩৪৩৮, ০১৫৫৩ ৪৪০৯০৬ নম্বরে।








