শেষ কর্মস্থলের কাছে বনানীতে দাফন করা হয়েছে ওসি সালাউদ্দিনকে। এর আগে বিকাল সাড়ে ৫টায় তার নামাজে জানাযা হয় রাজারবাগ পুলিশ লাইনে।
ওসি সালাউদ্দিনের বাড়ী গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ায়। তার বাবা স্থানীয় হাইস্কুলের শারীরিক প্রশিক্ষক ছিলেন। চাকরিসূত্রে খাগড়াছড়িতে থাকা অবস্থায় তিনি সেখানে বিয়ে করেন। সালাউদ্দিন দুই ছেলেমেয়ের বাবা।
বিভিন্ন সময়ে তিনি ঢাকার অদূরে দক্ষিণখান থানা, ডিএমপির আদাবর, কোতয়ালী, মিরপুর এবং সর্বশেষ বনানী থানায় দায়িত্ব পালন করেছেন।
কাজের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক, জাতিসংঘ শান্তি মিশনে থাকা অবস্থায় শান্তি পদক অর্জন করেন।
গুলশানের হলে আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলার সময় নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান। ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলামও এই হামলায় প্রাণ হারান।








