চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ নিতে এসে আর বাড়ি ফেরা হলো না ভেদামারি গ্রামের বখতিয়ার হোসেনের (৫৫)। মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আলমডাঙ্গা ফাতেম ক্লিনিকে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলার মাঠে মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার হোসেন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হলে আজ শেষদিন হওয়ায় সকাল সকাল ফুয়েল কার্ড নিতে এসেছিলেন তিনি।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।







