ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১২০ মিনিট খেলেছেন। পুরোদমে জ্বর নিয়ে খেলে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পথে ইভান রাকিটিচের ভূমিকা বড় করে দেখার মতোই। এবার জানালেন শুধু জ্বর নয়, প্রয়োজন পড়লে ফাইনালে এক পা ছাড়াই খেলবেন।
রোববার ফ্রান্সের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে লড়বে ক্রোয়েশিয়া। শিরোপা মহারণের আগে স্বস্তিতে নেই ক্রোয়েটরা। ঊরুতে চোট পেয়ে স্ট্রাইকার ইভান পেরিসিচের ফাইনালে না খেলতে পারার সম্ভাবনাই বেশি। রাকিটিচ অবশ্য সুস্থ হওয়ার পথে।
‘ফাইনালে প্রয়োজন হলে নিজের একটা পা ছাড়াও যদি খেলতে হয় তাতেও আপত্তি নেই। দল প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে প্রস্তুত। প্রয়োজনে আমি একটা পা ছাড়াই ফাইনাল খেলব।’ ভক্তদের আশ্বস্ত করে বলেছেন রাকিটিচ।
ক্রোয়েশিয়ার মাঝমাঠের কাণ্ডারি রাকিটিচ সেমিফাইনালের আগের রাতে জ্বরে পড়েন। অসহ্য জ্বর তার অদম্য শক্তিকে কাবু করতে পারেনি। রাকিটিচের ভাষ্য, ‘ওই রাতে জ্বরে খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু আমি ম্যাচ খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ছিলাম। আমি শুধু একটু ঘুমিয়ে বিশ্রাম নিতেই চাচ্ছিলাম।’
পরে ইংল্যান্ডের বিপক্ষে ১০২ ডিগ্রী জ্বর নিয়েই পুরো মাঠে দাপিয়েছেন রাকিটিচ। নিজে গোল না পেলেও মাঝমাঠ থেকে ইংল্যান্ডের ডি-বক্সে আক্রমণের গুরু দায়িত্ব পালন করেন আস্থার সাথেই।








