সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা।
প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে কোনো ফরম্যাটেই জয় নেই লাল-সবুজের দলের। তাদের ডেরায় সবশেষ ২০১৭ সালের সফরে তিন ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টুয়েন্টির ছয়টিতেই হারেন সাকিব-তামিম-মুশফিকরা।
পাঁচ বছর পর ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ তামিম ইকবালের দল। টাইগার অধিনায়কের চোখ সিরিজের শুরুটা ভালো করার দিকে। তিনি মনে করেন, শক্তিশালী দলটিকে হারাতে ভালো খেলার পাশাপাশি খেলতে হবে সাহসী ক্রিকেটও।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো স্পিন-অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
সাউথ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক ব্যাটার), মার্কো জানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, আন্দিলে ফেলুকোয়ও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডুসেন।








