গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের গেটে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন কবিতা রানী (১৬) নামের দশম শ্রেনীর ছাত্রী। এলাকাবাসী গজারিয়া গ্রামের রাম মণি দাসের ছেলে ঘাতক বিক্রম মণিদাসকে (২১) আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার দুপর ১টার দিকে স্কুলের গেইটে এ খুনের ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছে জানা যায়, নিহত কবিতা রানী ধামরাই উপজেলার সাটুরিয়া গ্রামের সাগর মনি দাসের মেয়ে। সে নানার বাড়িতে থেকে কালিয়াকৈরের বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। দীর্ঘ দিন ধরে স্থানীয় বখাটে বিক্রম মণিদাস কবিতাকে প্রেম প্রস্তাব দিয়ে আসায় কোন সাড়া না পেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে নানা ভাবে উত্ত্যক্ত করতো। বিষয়টি কবিতা রানীর পরিবার একাধিকবার বিক্রমের পরিবারকে জানালেও তার পরিবার কোনো ব্যবস্থা নেয়নি। এতে সে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলে কবিতা রানীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
তবুও সামনে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা থাকায় সে তার নানীর সাথে স্কুলে যাওয়া আসা শুরু করে। আজ তার নানী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে একাই বের আসে আর এ সুযোগে বিক্রম কবিতা রানীকে স্কুল গেটে পৌঁছা মাত্রই এলোপাথারি ছুরিকাঘাত করে হত্যা করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, কবিতা রানীর বুকে, পেটে ও কাঁধে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ কবিতার রানীর লাশ ও ঘাতক বিক্রমের ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে।







