আতঙ্কে কাটছে সারারাত, ঘুম আসছে না। দম আটকে আসছে বারবার। ইনস্টাগ্রামে অকপটে নিজের মানসিক অবসাদের কথা সকলের সঙ্গে শেয়ার করলেন আমির কন্যা ইরা খান।
মূলত বছর কয়েক আগেও মানসিক সমস্যায় ভুগেছিলেন আমির কন্যা। অনেক কষ্টে নিজেকে সেই অন্ধকার থেকে টেনে বের করেছিলেন তিনি। আবার একই জায়গায় ফিরে গেলেন ইরা।
ইনস্টাগ্রামে অকপটে নিজের মানসিক অবসাদের কথা ভাগ করে নিয়ে ইরা তার অনুরাগীদের প্রশ্ন করলেন, তাদেরও একই রকম প্যানিক অ্যাটাক হয় কিনা? মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেন ২৫ বছরের তরুণী।
দীর্ঘ সময় ধরে স্নান করলে মানসিক ভাবে সুস্থ বোধ করেন তিনি। তাই স্নান করে এসে ভেজা চুলে ঘরের জামা পরে একটি ছবি পোস্ট করলেন আমির এবং রীনা দত্তের কন্যা। সঙ্গে ইরা লিখেছেন, ‘প্যানিক এবং প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগের বারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে। বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।’
ইরা তার অনুরাগীদের কাছে জানতে চাইলেন, আর কারও এ রকম কিছু হয় কিনা। হলেও বা কি করেন? তাতে হয়ত খানিকটা সাহায্য পেতে পারেন তিনি।
মানসিক স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন আমির কন্যা ইরা খান। সচেতনতার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অগৎসু ফাউন্ডেশন’ তৈরি করেছেন তিনি। ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়োর মাধ্যমে একাধিক বার অনুরাগীদের সাহায্য করেছেন তিনি।








