টাঙ্গাইলের দেলদুয়ারে পুত্র হত্যার পরে পিতা আশরাফ আলীকেও (৪৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আশরাফ আলী উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত এক বছর আগে মসজিদের জায়গা নির্ধারণ নিয়ে তিন গ্রামের সংঘর্ষে নিহত আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন প্রতিপক্ষের আঘাতে নিহত হয়। পুত্র নিহতের ঘটনায় পিতা আশরাফ আলী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তারা আরো জানান, আশরাফ আলী প্রতিদিনের মত রোববার রাতে বাড়ির বাইরে হাটতে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজ করলেও তাকে পায়নি। সোমবার সকালে গজিয়াবাড়ীর পার্শ্ববর্তী গ্রাম বিন্দুরীয়ায় একটি পরিত্যাক্ত জমিতে আশরাফ আলীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে জানায়।
পরিবারের অভিযোগ মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনা হবে।







