পিএসজি কোচ উনাই এমেরি জানিয়েছেন, এই মৌসুমেই নেইমার তার দলের হয়ে মাঠে নামতে পারেন।
২৫ ফেব্রুয়ারির পর নেইমার আর মাঠে নামেননি। মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পান। সফল অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। মার্চের শেষদিকে এমেরি জানিয়েছিলেন, দুই-তিন সপ্তাহের ভেতর নেইমার মাঠে ফিরবেন।
বৃহস্পতিবার নেইমারের পায়ে স্ক্যান করা হয়। শুক্রবার সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘সর্বশেষ পরীক্ষার পর মনে হচ্ছে নেইমার খেলায় ফেরার খুব কাছে চলে এসেছে। এই মৌসুমের শেষ ম্যাচটি সে খেলতে পারে।’
চলতি মৌসুমে পিএসজির আর সাত থেকে আটটি ম্যাচ বাকি আছে। এপ্রিলের ১৮ তারিখ ফ্রেঞ্চ কাপের সেমিতে কায়েনের বিপক্ষে নামবে দলটি। ওই ম্যাচটি জিতলে ফাইনালে নেইমার মাঠে নেমে পড়তে পারেন।









