শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস ওকসের বিদ্ধংসী বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৪ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১এ লিড নিলো ইংলিশরা।
ইংলিশদের বিপক্ষে শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলের পক্ষে শুভ সূচনাই এনে দিয়েছিলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। তবে দলীয় ১৩২ রানে হাফিজ ফেরার পরই খেই হারিয়ে ফেলে পাক শিবির।
প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজনই রান আউট হয়ে ফিরলে চাপে পড়ে যায় পাকিস্তান। ১৩২ রানে তিন উইকেট হারানোর পর মাত্র ৭৬ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ২০৮ রানের মামুলি স্কোর দাঁড় করায় আজাহার আলির দল।
যার মধ্যে টেইলার এন্ডের ওহাব রিয়াজের অপরাজিত ৩৩ রান বড় ভূমিকা রাখে।
২০৮ রানের সহজ স্কোর তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি ইংলিশরা। মাত্র ২৭ রানের মধ্যে জেসন রয় ও জো রুট ফিরলে সাময়িক চাপে পড়ে মরগানের দল।
তবে তৃতীয় উইকেট জুটিতে আলেক্স হেলসকে সঙ্গী করে অধিনায়ক ইয়ন মরগান ৬০ রানের জুটি গড়লে স্বস্তি ফেরে ইংলিশ শিবিরে।
এরপর হেলস ও মরগান মাত্র ৬ রানের ব্যবধানে ফিরলেও জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বর দলকে। দলীয় স্কোর তখন ৯৩।
জেসন টেইলর এবং জস বাটলার জুটি স্কোর বোর্ডে ১১৭ রান যোগ করতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। টেইলর ৬৭ এবং বাটলার ৪৯ রানে অপরাজিত থাকেন।
৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ওকস। আগামী শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।






