পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল সুজা খানজাদাসহ ১৯ জন নিহত হয়েছেন। নারকীয় হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই জাংভি।
রোববার পাঞ্জাবের সাদি খেল এলাকায় রাজনৈতিক কার্যালয়ে ৫০ থেকে ১০০জন কর্মী নিয়ে বৈঠক করছিলেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা। বৈঠক চলাকালে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলাকারী। বিধ্বস্ত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন মন্ত্রীসহ আরো অনেকে।
হামলার পর ধবংস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় মন্ত্রী সুজা খানজাদা ও পাঞ্জাবের সহকারী পুলিশ সুপার সৈয়দ শওকতসহ ১০ জনের মরদেহ। ওই হামলায় আহত হয়েছে কমপক্ষে ২৩ জন। আহতদের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় প্রাণহানিতে শোক প্রকাশ করে হামলার কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এবং তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান।
বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই জাংভি। গত জুলাইয়ে জাংভি প্রধান মালিক ইশক নিহত হওয়ার পর থেকেই মৃত্যু হুমকিতে ছিলেন মন্ত্রী খানজাদা। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সংশ্লিষ্ট লস্কর-ই-ইসলাম ওই হামলার দায় স্বীকার করেছে। ভবিষ্যতেও এ ধরনের হামলা চলানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা।
২০১৪ সালের অক্টোবরে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন সুজা খানজাদা। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং প্রাদেশিক মন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি। জঙ্গিদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সময়েই প্রদেশের জঙ্গিদের বিরুদ্ধে চালানো হয় সবচেয়ে বড় অভিযান।







