জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা ও বিএসএফ-এর এক জওয়ান নিহত হয়েছে। নিহতদের মরদেহও বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে ভারতীয় সেনাবহিনী তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার ঘোষণা দিয়েছে।
এনডিটিভি জানায়, সোমবার সকালে সীমান্তের কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ভারতীয় জওয়ানরা টহল দিচ্ছিল। সেসময় পাকিস্তানি সেনাসদস্যরা গুলির পাশাপাশি মর্টারশেল নিক্ষেপ করে। এসময় ওই দু্ইজন নিহত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভারতের অভিযোগ অস্বীকার করেছে জানিয়ে দেশটির সংবাদ মাধ্যম ডন তাদের প্রতিবেদনে বলেছে, সীমান্তে পাকিস্তানের সৈন্যরা কোন অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের ইউনিয়নমন্ত্রী মুকতার আব্বাসি নাকভি বলেছেন, ‘পাকিস্তান তার নিজের ক্ষতি নিজে ডেকে আনছে। ভারতীয় সেনা বাহিনী এর যথাযথ প্রতিশোধ নিবে।’
তাদের সৈন্যদের দেহ ছিন্নভিন্ন করার ঘটনাকে অসৈন্যসুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের দক্ষিণ কমান্ড।
এ ধরনের ঘৃণ্য কাজের জন্য পাকিস্তানকে জবাব দিতে হবে বলেও জানায় তারা।
সম্পতি পাকিস্তানের সামরিক আদালতে ভারতের নাগরিক কুলবুশান জাদবের মৃত্যুদণ্ড ঘোষণা দেয়ার পর এই ঘটনা দুই দেশের বিরাজমান উত্তেজনা আরো বাড়াবে ধারণা করা হচ্ছে।








