পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন দশটি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একশ শিল্পাঞ্চল গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার দুপুুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনকালে এ কথা জানান তিনি।
বাংলাদেশের অর্থনীতির এক নতুন অভিযাত্রা, নতুন অধ্যায়। অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে শুরু হতে যাচ্ছে সরকারী-বেসরকারী উদ্যোগে দশটি অর্থনৈতিক অঞ্চল, যেখানে প্রতি বছর ১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানীর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে অত্যাধুনিক সুবিধা নিয়ে বেসরকারী উদ্যোগে ছ’টি আর সরকারী অর্থায়নে হচ্ছে চারটি অর্থনৈতিক অঞ্চল। এগুলো হলো, আবুল মোমেন, আমান, মেঘনা, মিরসরাই, সাবরাঙ, একে খান, বে, মেঘটা ইন্ডাস্ট্রিয়াল, মংলা এবং শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা দেশে ১০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। সারাদেশে এমন ১০০টি অঞ্চল গড়ে তুলতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে না এলে দেশের অর্থনীতি গতিশীল হবে না।
সরকারী, বেসরকারী, সরকারী-বেসরকারী যৌথ, কিংবা জি-টু-জি প্রক্রিয়ায় আরো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যেন আমাদের নদী-পরিবেশ দূষিত না হয়। ঘনবসতি বারবার উঠিয়ে দিতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’
বর্তমান সরকার ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব উল্লেখ করে অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিতে বলেন প্রধানমন্ত্রী।
যাদের জমি অধিগ্রহণ করে শিল্প গড়ে তোলা হয়েছে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পান সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






