এবার মিথ্যা বলে আটকে গেলেন ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির ‘বিন্দু’ পরিণীতি চোপড়া। মনে হতে পারে কোনো সিনেমার ঘটনা। কিন্তু না! শোনা যাচ্ছে, দর্শক আর মিডিয়ার কাছে সমবেদনা পাওয়ার জন্য তিনি নাকি মিথ্যা বলেছেন!
সম্প্রতি মুম্বাইয়ে অক্ষয় কুমারের সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রের এক অনুষ্ঠানে আসেন পরিণীতি। সেখানেই তিনি তার ছোটবেলার সংগ্রামের কথা জানাতে গিয়ে বললেন, তার স্কুলে যাওয়ায়র জন্য বাসের টাকা দিতেও পরিবারের কষ্ট হত। বেশ আর্থিক টানাপোড়ার মধ্যেই তিনি ছেলেবেলা কাটিয়েছেন। তাই তাকে সাইকেল চালিয়ে স্কুলে যেতে হত। আর তাকে রাস্তায় অনেক অশ্লীল কথাও শুনতে হত। তখন পরিণীতি বাসে স্কুলে যেতে চাইলে বাবা তাকে সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য বলতেন। কিন্তু এই ভিডিও প্রকাশের পর পরিণীতির কথার তীব্র বিরোধিতা করেন তার ছেলেবেলার সহপাঠিরা!
কানু গুপ্ত নামের আম্বালাতে তারই এক সহপাঠি তাকে সরাসরি মিথ্যাবাদী বলেই স্টাট্যাস দিয়ে বসলেন। তিনি লেখেন, ‘স্কুলে ওর বাবার গাড়ি আমরা সকলেই চিনতাম। আর আর্থিক অবস্থার জন্য নয়, ওই সময় সাইকেল চালিয়ে স্কুলে আসাটাই একটা ফ্যাশন ছিল।’
কানুর বক্তব্যকে সমর্থন জানিয়ে অন্যান্য সহপাঠিরাও মন্তব্য করতে থাকেন ওই পোস্টে। একজন আবার লিখেছেন, ‘আর্থিক সমস্যা থাকলে ও লন্ডনে পড়াশোনা করতে গেল কী করে!’
পরিস্থিতি সামলাতে পরিণীতি টুইটারে তিনি লেখেন, ‘আমার কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। ভাইয়েরা বাসে করে স্কুলে যেত, আমি সাইকেলে যেতাম। বাবার গাড়ি থাকলেও সেটা আমরা স্কুলে আসার জন্য ব্যবহার করতাম না। বাবা অফিস যাওয়ার জন্য গাড়ি নিতেন। আমি সাইকেলে করে আসার সময় বাবাও পিছন পিছন আসতেন আমি ঠিক মতো পৌঁছেছি কি না দেখতে। হঠাৎ করে দেখছি, আমাদের গাড়ি ছিল কি ছিল না, সেই নিয়েই আলোচনা হচ্ছে। খুবই অদ্ভুত! আমি কোনো মিথ্যা বলিনি।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেখানে তিনি বলেরেছন তার বাবার কোনো গাড়ি ছিল না। ডেকান ক্রনিকল।








