রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরচুলায় অভিনব পদ্ধতিতে স্বর্ণ চোরাচালানকালে দেড় কেজি স্বর্ণবারসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। জব্দ হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
আটককৃত ব্যক্তির নাম আমিনুল হক। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তিনি পেশায় একজন আদম ব্যবসায়ী।
বিমানবন্দরের গ্রীণ চ্যানেলের পাশ থেকে মঙ্গলবার রাত সোয়া ১১টায় তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিব টিম।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুল কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওই ব্যক্তি মালয়শিয়া হতে মালিন্দ এয়ারলাইন্সের ‘OD 166’ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন।
পরবর্তীতে আর্চওয়েতে পরীক্ষা করার সময় তার সাথে কোন ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরে খেয়াল করে দেখা যায়, তিনি আসলে পরচুলা পরিহিত। তার মধ্যে অভিনব পন্থায় লুকিয়ে স্বর্ণ পাচার করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলেও কাস্টমসের ওই কর্মকর্তা জানান।








