ব্লগার নিলয় হত্যার প্রতিবাদে আজ শনিবার কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনার প্রতিবাদে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা ঠিক করতে বিকেল ৩টায় টিএসসি ক্যাফেটেরিয়াতে প্রগতিশীল সকল ছাত্র, যুব, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নারী শ্রমিক সংগঠনের জরুরি বৈঠক হবে।
এছাড়াও সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ মশাল মিছিল করবে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয় নীলকে। নিলয় ব্লগে লেখার পাশাপাশি আরডিসি নামের এক এনজিওতে কাজ করতেন।
ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আল কায়দা’র বাংলাদেশ শাখা বলে দাবীদার জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’। হত্যার দায় স্বীকার করে বিভিন্ন মিডিয়ায় ই-মেইল করেছে জঙ্গি সংগঠনটি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সব ব্লগার হত্যার দায় সরকারকেই নিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই একের পর এক ব্লগার হত্যার শিকার হচ্ছেন বলেও মন্তব্য তার।







