জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেওয়া সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে দলটির সংসদীয় দল। মঙ্গলবার বিরোধীদলের নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এরশাদও।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, জাপার সংসদীয় দলের বৈঠকে এরশাদের সিদ্ধান্ত নাকচ করা হয়েছে।
এর আগে দুপুরে জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি দেন মুহাম্মদ এরশাদ। পার্টির চেয়ারম্যানের ক্ষমতাবলে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে দলের নতুন মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন তিনি।
এদিন এরশাদ একটি অনলাইন পত্রিকার খবরের রেফারেন্স টেনে বলেন যে, তারা বলেছেন আমি আজ তড়িঘড়ি ঢাকায় এসেছি। আসলে সেটা সত্যি নয়, আমাদের আগে থেকেই প্রোগ্রাম ছিলো। দলীয় ফোরামে আলাপ-আলোচনা না করে এভাবে মহাসচিব পরিবর্তন দলের নীতিতেই আছে উল্লেখ করে এরশাদ আরো বলেন জাতীয় পার্টি ভাগ হওয়া অসম্ভব।
গতকাল সোমবার রওশন এরশাদকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ঘোষণা করা হয়। জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ঘোষণা করার এক দিনের মাথায় গুলশানে রওশনের বাসায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ঘোষণা দেন।
এর আগে রোববার রাতে রংপুর জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
তার অবর্তমানে জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও তিনি ঘোষণা দেন।







