রানি লক্ষ্মী বাঈয়ের কাহিনি নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। যার নাম ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’। ছবিটিতে রানি লক্ষ্মী বাঈয়ের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা কঙ্গনা রানাউতকে। এসব খবর পুরোনো! তবে এবার জানা গেল নতুন এক তথ্য, যা অবাক করেছে সবাইকে!
ছবিটিতে শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নয়, ছবিটির পরিচালনায়ও এবার নেমেছেন কঙ্গনা। আর তার প্রমাণ মিললো ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ক্ল্যাপবোর্ডে। যেখানে পরিচালকের ঘরে লেখা আছে কঙ্গনার নাম। আর তাই তো মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেল ক্ল্যাপবোর্ডের ছবিটি। সেই সাথে যুক্ত হয়েছে হাজারো প্রশ্ন!
আর সেজন্যই হয়ত ছবিটির পরিচালনায় কঙ্গনার হস্তক্ষেপ করাটা ভাল চোখে দেখছেন না ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে চূড়ান্ত হওয়া অভিনেতা সনু সোদ। তিনি জানিয়েছেন যে, কোন নারী পরিচালকের অধীনে কাজ করতে ইচ্ছুক নন তিনি। আর তাই তো ‘মনিকর্নিকা’ থেকে নিজেকে সরিয়ে নিতে চান এই অভিনেতা।
তবে কঙ্গনার পরিচালনায় আসার ব্যাপারে টুইটারে উত্তর দিয়েছে ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র টিম। তারা বলেন যে, ‘মনিকর্নিকা’ ছবির পরিচালক কৃষ জগরলামুদি, তিনিই পরিচালক থাকবেন। কঙ্গনা তার হয়ে কিছু কাজ করেছেন মাত্র। কারণ কৃষ অন্য একটি ছবির শুটিংয়ে সেই সময় ব্যস্ত ছিলেন।
পরিচালকের অনুপস্থিতির কারণে যাতে এই ছবির কাজ পিছিয়ে না যায়, সে জন্যই কঙ্গনা এগিয়ে আসেন। কারণ যে করেই হোক, ছবিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি দিতে হবে। মূলত এটি নিশ্চিত করতেই কঙ্গনা পরিচালকের আসনে বসেন। ক্ল্যাপবোর্ড নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই।







