নর্থ কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নর্থ কোরিয়ার এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্ট করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগকে অগ্রাহ্য করে নর্থ কোরিয়া গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মত পারমাণবিক পরীক্ষা চালায়। নর্থ কোরিয়ার এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্ট করেছে।
“আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাষ্ট্রসমূহের অঙ্গীকার ও দায়িত্বের পরিপন্থী এই ধরনের একতরফা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নর্থ কোরিয়ার প্রতি আহ্বান জানাই।”
রোববার নর্থ কোরিয়া দাবি করে, নতুন ধরণের আর আগের চেয়ে আরও উন্নত মানের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা। নতুন এই অস্ত্র দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে বসানো যাবে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ নতুন ধরণের একটি হাইড্রোজেন বোমা পরীক্ষারত অবস্থায় প্রেসিডেন্ট কিম জং উনের কিছু ছবি প্রকাশ করে বলেছে, কিম পিয়ংইয়াংয়ের পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটে বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়ক কাজে কিছু দিকনির্দেশনা দিয়ে এসেছেন।







