পাট শিল্পের মন্দাভাবের প্রভাবে নরসিংদীতে অস্তিত্ব সংকটে পড়েছে পাটের ব্যবসা। পাটকলের সঙ্গে সঙ্গে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ক্রয় কেন্দ্রগুলো।
নরসিংদীর পুরোনো থানাঘাট ও হাজীপুর এলাকায় ৭০ ও ৮০’র দশকে গড়ে ওঠে প্রায় ২০টিঁ পাট ক্রয় কেন্দ্র। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে জীর্ণ দশা গুদামগুলোর।
নরসিংদীতে সরকারি বেসরকারি ১৫টি পাটকল রয়েছে। এর পাশাপাশি দেশের বড় বড় পাটকলগুলো নরসিংদী থেকে পাট সংগ্রহ করতে স্থাপন করে পাট ক্রয় কেন্দ্র। এসব ক্রয়কেন্দ্রে স্থানীয় কৃষকের পাশাপাশি অর্ধ শতাধিক আড়তদার পাট সরবরাহ করতেন। পাট শিল্পের মন্দাভাবে ক্রয়কেন্দ্রগুলো বন্ধ হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন হাজারও শ্রমিক।
ক্রয়কেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে এক চতুর্থাংশ পাটের আড়ত। নরসিংদীর বাজারে পাট কেনার আড়তদার ৪০ থেকে কমে সাতজনে এসে ঠেকেছে।
২০টি পাট ক্রয়কেন্দ্রের মধ্যে এখন শুধুমাত্র চালু রয়েছে ইউএমসি জুট মিলের পাট ক্রয় কেন্দ্রটি।
জেলায় সরকারি দুটি পাটকল চালু থাকলেও বেসরকারি ১৩টির মধ্যে চালু রয়েছে মাত্র চারটি। এ অবস্থা উত্তোরনে দেশে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রপ্তানী সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা।







