বিপিএল সিজন থ্রিতে দ্বিতীয় দিনেও আলো ছড়িয়েছেন দেশী তরুণ খেলোয়াড়রা। বিপিএলের গত দু আসরে যেমন নিজেদের জাত চিনিয়েছেন বিজয়, সৌম্য, আরাফাত সানিরা ঠিক এবারেও নিজেদের তুলে ধরছেন ভবিষ্যতের সাকিব তামিম মাশরাফিরা।
দেশী-বিদেশী তারকা খেলোয়াড়দের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে জানান দিচ্ছেন নিজেদের সামর্থ্য। কখনো বলে কখনো ব্যাট হাতে জ্বলে উঠছেন তারা।
এবারের বিপিএলের দ্বিতীয় দিনে যেসব দেশী তরুণ খেলোয়াড়রা আলো ছড়িয়েছেন তারা হলেন:
ইয়াসির আলী চৌধুরী রাব্বি (অলরাউন্ডার): চট্টগ্রামের ঘরের ছেলে এবারের বিপিএলে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়েই।এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে।
প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আবাহনী লিমিটেড ও জাতীয় লিগে খেলেন চট্টগ্রাম ডিভিশনের হয়ে।
বিপিএলে আজকের ম্যাচে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ইয়াসির খেলেছেন ৬৩ রানের সুন্দর একটি ইনিংস।
৫২ বলের ইনিংসে চারটি ছয় ও একটি চারে সাজান ইনিংসকে।দ্বিতীয় উইকেট জুটিতে তামিমের সঙ্গে মূল্যবান ৭৯ রান যোগ করেন ইয়াসির।
শুভাশিষ রয় (পেসার) : বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পেস বোলার শুভাশিষ।জাতীয় লিগে খেলেছেন সিলেট ও রংপুর ডিভিশনের হয়ে।
এবারের বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে আজকের মাচে দূর্দান্ত বোলিং করেছেন।
চার ওভার বল করে দিয়েছেন মাত্র ২২ রান।বিনিময়ে দখল করেছেন একটি উইকেট।শুভাশিষকে পুল করতে গিয়ে শূন্য রানের সাজঘরে ফিরতে হয়েছে শ্রীলঙ্কান তিলকারাত্নে দিলশানকে।
কাজী নুরুল হাসান সোহান (ব্যাটসম্যান):খুলনার ছেলে গত বিপিএলে খেলেছেন চিটাগং কিংসের হয়ে। এবার খেলছেন সিলেট সুপার স্টারসের হয়ে।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলেছেন।জাতীয় লিগে খেলেছেন সেন্ট্রাল জোন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন আর সিলেট ডিভিশনের হয়ে।
মিডল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের দ্বায়িত্ব পালন করেন সোহান।আজ সিলেটের হয়ে ২০ বলে তিন চার ও এক ছয়ে ৩২ রান করেন। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ৫৫ রান।







