আগামী বছর দেশের ৪৮৮টি উপজেলায় কিশোরীদের সুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। বুধবার এমন ঘোষণা দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস পালন করেছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। এদিন দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সহযাত্রীদের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিলো আলোকিত।
স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক নিয়ে কথা বললেন অতিথিরা। ইমপ্রেস টেলিফিল্ম লি.চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, স্বর্ণ কিশোরী দেশের টেলিভিশনের ইতিহাসে দেশের প্রথম অনুষ্ঠান; যে অনুষ্ঠান দেশের ৬৪টি জেলাই ছুঁয়েছে। আমরা একটি টেলিভিশন অনুষ্ঠানকে টেলিভিশনের বাইরে সবার কাছে নিয়ে গেছি। স্বর্ণ কিশোরী পৃথিবীতে এমন একটি অনুষ্ঠান যে মেয়েদের জন্য কাজ করে।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, একটি দেশের উন্নয়নের স্বার্থে টেলিভিশন শুধুই একটি বিনোদনের বাক্স কিংবা ক্যামারা শুধু ছবি তোলার একটি ক্যামেরাই নয়। আমরা বলতে চাচ্ছি, টেলিভিশন দিয়ে মানুষকে প্রশিক্ষিত করা যায় এবং তার মাধ্যমেই দেশের মানুষ জাগ্রত হতে পারে নানান বিষয়ে।
২০১৩ সালে কিশোরী সুস্বাস্থ্য যাত্রা শুরু করা নেটওয়ার্ক। ৫ বছরের কর্মপন্থা উপস্থাপন করা হয় এবং সেই সাথে তুলে ধরা হয় আগামী তিন বছরের কার্যক্রম।
স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সিইও ফারজানা ব্রাউনিয়া বলেন, সবকিছু নিয়েই একটি কথা সবচেয়ে যে ক্ষুদ্র ডাক সবচেয়ে মধুর যে ডাক তা ‘মা’। মায়েরা যে শ্রদ্ধা পেয়েছেন তা অটুট থাকুক। আর আমাদের মায়েরা যে কষ্ট পেয়েছেন, বেদনা পেয়েছেন, জীবন দিয়েছেন তা থেকে আমরা ভবিষ্যত মায়েদের বের করে আনি।
২০১৫ সালে বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন কার্যক্রমের অংশ নেওয়ার বিষয়ে অতিথিবৃন্দ স্বর্ণকিশোরীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সেই জন্মের পর থেকে মায়ের স্নেহে জীবনকে ধন্য করেছি। সেই মায়েদের জন্য ভবিষ্যত মা। কি সুন্দর স্লোগান ১৮ বছর আগে বিয়ে নয়, ২০ বছর আগে মা না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উপজেলা পর্যায়ে কিশোরী মা’দের উপদেশ দেবেন এবং তৈরি করবেন তাদের ভবিষ্যত।
স্বর্ণ কিশোরী নেটওর্য়াকের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, একটি ফাউন্ডেশন তৈরি করছে চ্যানেল আই পরিবার যার শাখা প্রত্যেকটি গ্রামে যাবে। এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মেয়েরা যদি স্বাস্থ্য সচেতন হয় আগামীদিন যে জাতি গড়ে উঠবে তা হবে স্বাস্থ্যবান জাতি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, দুই কোটি কিশোরীকে আপনি কর্মসূচিতে নিয়ে এসেছেন; তবে চার কোটি বাবাকে কেনো আনবেন না। চার কোটি বাবা যদি থাকে তবে আমার মতো বাবা প্রকৃত অর্থে বুক ভরে বলতে পারবে আমার মেয়ে স্বর্ণ কিশোরী; সেখানে আমারও ভূমিকা আছে।
স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, এই নেটওয়ার্কে যারা আছেন তাদের ম্যাসেজগুলো যেন আদান প্রদানের ব্যবস্থা থাকে। এই ডাইনামিক নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যে সরকারী নেটওয়ার্ক আছে তাদের সাথে একটি সাহায্য নেওয়ার সুযোগ তৈরি করা।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রোশেদা কে চৌধুরী বলেন, বাংলাদেশ সর্ম্পকে যে কথাটা বাইরে শুনি নারীর ক্ষমতায়ন আজকে এই জায়গায় বিশ্বাসের চেয়ে যদি বেশি কিছু বলতে হয় তাই অর্জন করে গেলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক বলেন, হেলথ এড্যুকেশন ব্যুরোর কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি।
আইসিটির ব্যাপক ব্যবহার এবং কিশোরীদের বয়োঃসন্ধিকালে নানান শারীরিক ও মানসিক সমস্যা হয়রানি এবং আইনী সহায়তা এবং ২৪ ঘন্টা কল সেন্টারের কথাও বলা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীতে।






