দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে গড় আয়ু বেড়ে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে। ২০১৯ সালে গড় আয়ু ছিল ৭২.৬ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করা হয়।
এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১.২ বছর। নারীর গড় আয়ু ৭৪.৫ বছর।
জরিপে পাওয়া তথ্যমতে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ।
জরিপে বলা হয়েছে বর্তমানে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কমেছে। আগে যেখানে সংখ্যাটা ছিলো ১.৩২ শতাংশ বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ১.৩০ শতাংশে।
তবে দেশে জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১৪০ জন বসবাস করে। আগের বছরে সেটা ছিল ১ হাজার ১২৫ জন।


