নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম সাফল্য হাতছোঁয়া দূরত্বে। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে পেসার ইবাদত হোসেনের তোপে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। পঞ্চম দিনে জয়ের স্বপ্ন বুনছেন মুমিনুলরা। কিউইদের বিপক্ষে নতুন বছরের শুরুতে দারুণকিছু এনে দিতে চান পেসার ইবাদত হোসেন।
স্বাগতিক টপঅর্ডারের উইল ইয়াং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস আর টম ব্লান্ডেলকে ফিরিয়ে ডানহাতি পেসার জয়ের পথে রেখেছেন বাংলাদেশকে। ফাইনাল দিনে রস টেলর এবং অন্য কিউই ব্যাটারদেরও দ্রুত ফেরাতে বদ্ধপরিকর ইবাদত। পুরনো ভুল শুধরে দলীয় পারফর্মে নিজেদের করে নিতে চান ম্যাচটি।
অসাধারণ বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হারানো ৫ উইকেটের ৪টিই নিয়েছেন ইবাদত। পা তবু মাটিতেই রাখছেন। ১৭ রানে এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে অতীত মনে রেখে ভুল করতে চান না। কিউই ডেরা থেকে প্রথম জয় তুলে বিদেশের মাটিতে নতুন এক শুরুর আশা চাওয়া টিম টাইগার্সের।
‘নিউজিল্যান্ডে আমরা আগের ম্যাচগুলোতে ততটা ভালো করতে পারি নাই। নতুন এ দল নিয়ে নতুনভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। দেশের জন্য ভালো কিছু করতে চাই। আগের ম্যাচগুলো থেকে ভালো কিছু এনে দিতে পারি নাই। কেউ না কেউ সে জায়গাটা পূরণ করে ভালো কিছু শুরু করব। আমরা চেষ্টা করছি দেশের বাইরে ম্যাচগুলো জিতে শুরুটা করতে।’
ক্যারিয়ার সেরা ৩৯ রানে ৪ উইকেট নেয়া ইবাদত উড়ছেন না। বরং বোলিংয়ে উন্নতি আনতে দেশে ও দেশের বাইরে এখনও শিখছেন বলে জানালেন। কাজ করছেন পুরনো বলে রিভার্স করার মন্ত্র নিয়ে। খুঁজছেন প্রতিপক্ষকে পরাস্ত করে নিজের ঝোলায় উইকেট পুরতে।
‘দেশে এবং বাইরে উভয় কন্ডিশনেই আমি খেলেছি। দেশে সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি এবং ফ্লাট উইকেট থাকে, সেখানেও চেষ্টা করছি উইকেট বের করার উপায় খুঁজতে। দেশের বাইরে পেস বোলারদের সাপোর্ট থাকে, দিনের প্রথম দুই ঘণ্টা। তারপর আবার ফ্লাট হয়ে যায়। এখনও আমরা শিখছি হোম এবং অ্যাওয়ে কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়।’
মঙ্গলবার শেষ ঘণ্টায় ইবাদতের আগুনে বোলিংয়ে টেস্টের লাগাম টানে বাংলাদেশ। ৭ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগান ডানহাতি পেসার। টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও অতি রোমাঞ্চিত নয় দল। টেস্টটা ড্র হওয়ার সম্ভাবনা আছে, আবার জয়ের স্বপ্ন দেখাও অসম্ভব নয়।
সংবাদ সম্মেলনে টাইগার কিপার ব্যাটার লিটন দাশ জানালেন শেষদিনের পরিকল্পনার কথা, ‘এখন যে অবস্থায় আছি, আমরা অতি রোমাঞ্চিত না, আমাদের এখনও পাঁচ উইকেট নিতে হবে, যত কম রান দেয়া যায় এবং সেই রানটা আমাদের তাড়া করতে হবে।’
১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রানের। পঞ্চম ও শেষদিনের সকালে বোলাররা ঝলক দেখাতে পারলে সুযোগ আসতে পারে প্রথমবার কিউই দুর্গ ভাঙার। যেকোনো ফরম্যাট মিলিয়ে প্রথম জয়ের দেখা পাওয়ার হাতছানি।







