ইটালির দক্ষিণাঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। উপকূলীয় শহর বারি এবং বারলেট্টার মধ্যবর্তী এলাকার একটি রেললাইনে দু’টি ট্রেন একই সময়ে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুটিই ছিলো ফেরট্রোমভিয়ারিয়া স্পা নামের বেসরকারি কোম্পানির। সংঘর্ষে আরও অনেকেই নিহত হতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান রিকার্ডো জিংগারো।
প্রকাশিত ছবি এবং ফুটেজে দেখা যায় সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ট্রেন দু’টি। তাই হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ও জরুরি সেবাদাতা সংস্থার সদস্যরা। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পর মিলান সফর সংক্ষিপ্ত করে রোমে ফিরে উদ্ধার তৎপরতাসহ সামগ্রিক পরিস্থিতি সামাল দিচ্ছেন ইটালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি।







