২০২১ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৪ শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম ২০১৫ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার। সেজন্য সবগুলো সেক্টর উন্নয়নে ধারায় অব্যাহত রয়েছে। জ্বালানি উন্নয়ন, টেকসই উন্নয়ন, শ্রম উন্নয়ন ও সর্বোপরি নারী উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক অস্থিরতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো।
অর্জিত সম্পদের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের সাহায্যের জন্য বাংলাদেশ এখন বসে থাকে না। নিজেদের উন্নয়ন দিয়েই দেশ দারিদ্র্যমুক্ত হচ্ছে, ভবিষ্যতে এর হার ১৪ শতাংশে নামিয়ে আনা হবে।
প্রধানমন্ত্রী বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার ও আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ উন্নয়নের জন্য যেসব দেশগুলো আমাদের পাশে সবসময় ছিলো আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।






