মাত্র দশ দিনে অস্ত্র চালানো শিখেছেন বিদ্যা বালান। ‘বেগমজান’ ছবির জন্য এমনটাই নাকি করতে হয়েছে। ছবিতে বিদ্যাকে যেমন অশ্লীল সব কথাই বলতে হয়েছে, পাশাপাশি অস্ত্র চালানোতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন।
ঝাড়খন্ডে ‘বেগমজান’ ছবির সেটে একটি আলাদা রুম বরাদ্ধ ছিল মেয়েদের জন্য। এখানে তারা অস্ত্র চালানো শিখতেন। কীভাবে বুলেট লোড–আনলোড করতে হয় এবং কীভাবে তা চালাতে হয়। সেখানে তারা নকল বুলেট ব্যবহার করেছেন।
বিদ্যা এবং তার সহশিল্পীরা প্রত্যেকে সহজভাবে তা ছবিতে ফুটিয়ে তুলেছেন। ছবিতে তাদের অস্ত্রসহ পাহাড়ে উঠতে হয়। এমনকি ঘোড়ার পিঠে চেপে রাইফেলসহ পাহাড়ে ওঠার দৃশ্যেও কাজ করেছেন তারা। অন্যদের থেকে নাকি বিদ্যা পুরো ব্যাপারটি আয়ত্ত করা আর তা ফুটিয়ে তোলায় ছিলেন বেশ পারদর্শী। ছবির পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘রাইফেলগুলো বেশ ভারি। সবাই বিশেষ করে বিদ্যা মাত্র ১০ দিনের প্রস্তুতিতে তা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।’
‘বেগমজান’ ছবিতে বিদ্যা বালান পতিতালয়ের সর্দারনীর ভূমিকায় অভিনয় করেছেন। বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ ‘বেগমজান’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। টাইমস অব ইন্ডিয়া।








