বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসির কারণেই নাকি ক্লাব বদল করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমারের বার্সা ছাড়ার পেছনে যতগুলো কারণ বলা হচ্ছে তার মধ্যে মেসিই নাকি অন্যতম। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত টাকার জন্য তিনি নতুন ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। পিএসজিতে নেইমারের মূল বেতনই হবে ৩০ মিলিয়ন ইউরো, যা বার্সেলোনায় তার বেতনের প্রায় দ্বিগুণ!। এর থেকে কোনো ট্যাক্সও দিতে হবে না। কারণ ক্লাবই ট্যাক্স পরিশোধ করে দেবে। পুরো বাই আউট ক্লজ দিয়ে দলবদল শেষ হলে নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো ‘সাইনিং বোনাস’ দেবে পিএসজি।
এছাড়া পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, সেসবের আয় থেকে একটা নির্দিষ্ট হারে অর্থ পাবেন এবং ইচ্ছা হলেই ব্রাজিলে যাওয়ার জন্য পাবেন একটা ব্যক্তিগত জেটবিমান।
এরপরেই রয়েছে মেসি ফ্যাক্ট। নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনও বার্সেলোনায় এক নম্বর। সেই স্থান, মর্যাদা যে সহসা বদলাবে সে সম্ভাবনা নেইমার দেখছেন না। কিন্তু পিএসজিতে গেলে তিনি হবেন সেখানকার মধ্যমণি।
বিবিসির ওই প্রতিবেদনে সতীর্থদের শিরোমণি হয়ে থাকা মেসির একটি ছবি দিয়ে বলা হয়েছে, এটাই কি নেইমারের বার্সা ছাড়ার কারণ? সেখানে টানা হয়েছে গত মার্চে পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই মহাকাব্যিক ম্যাচের প্রসঙ্গও। যেখানে চার গোলের ঘাটতি পুষিয়ে ম্যাচ জিতেছিল বার্সা। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্টের পর দলের মধ্যমণি হতে পারেননি নেইমার।

নেইমার বার্সা ছাড়ছেন একথা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে বুধবার বার্সা জানিয়ে দেয়, তারা নেইমারকে ছাড়তে প্রস্তুত। তবে নেইমারকে পেতে কাতারি মালিকানাধীন ক্লাব প্যারিস সেইন্ট জার্মান- পিএসজিকে গুনতে হবে রেকর্ড পরিমান ২৬০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি।
সে হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন নেইমার। পেছনের সব রেকর্ড চুরমার করে বার্সা থেকে নেইমার যোগ দিচ্ছেন পিএসজিতে। তাকে দলে ভেড়াতে ২২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজ গুনবে ফরাসি ক্লাবটি। যেটা ফুটবলের দলবদল ইতিহাসে বিশ্বরেকর্ড। যে রেকর্ডের ধারের কাছে নেই নেই অন্য কেউ। অতএব দলবদলের বাজারে অধিনায়ক নেইমার।
ট্রান্সফার ফির ২২২ মিলিয়ন পাউন্ড ছাড়া চুক্তি অনুযায়ী বছরে কর বাদ দিয়ে ৩০ মিলিয়ন ইউরো দেয়া হবে নেইমারকে। এখানেই শেষ নয়। সংবাদমাধ্যমের দাবি, পিএসজির প্রেসিডেন্ট, কাতারের ধনকুবের নাসের আল খেলাফি ইমেজ রাইটসের মাধ্যমে আরও বিপুল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খেলাফির সঙ্গে দেখা করেছেন নেইমার ও তার বাবা।

কেউ কেউ মনে করছেন, ব্রাজিলীয় তারকার বাবা নেইমার সিনিয়রের জন্যই এই সিদ্ধান্ত। নেইমার তাদের চুক্তিতে সই করলে তার বাবাকেও ৫০ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পিএসজি!
তিন বছর আগে ব্রাজিলের সান্তোস থেকে বার্সোলনায় সই করেন তিনি। ১৮৬ ম্যাচে ১০৫ গোল করেছেন। মেসি, সুয়ারেজের সঙ্গে একবার চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, দু’বার লা লিগা এবং তিনবার স্প্যানিশ কাপ জিতেছেন। মোট ৮টি ট্রফি।
ইতিহাসের সেরা দলবদল
নেইমার বার্সেলোনা-পিএসজি ২২২ মিলিয়ন
পল পগবা জুভেন্টাস-ম্যানইউ ১০৫ মিলিয়ন
গ্যারেথ বেল টটেনহাম-রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন
রোনালদো ম্যানইউ-রিয়াল মাদ্রিদ ৯৪ মিলিয়ন
গঞ্জালো হিগুয়েইন নাপোলি-জুভেন্টাস ৯০ মিলিয়ন







