জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটরিকে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তিনদফায় সংস্থাটির নিষেধাজ্ঞায় পড়লেন এ পেসার।
মঙ্গলবার ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ভিটরির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ আম্পায়ার। পরে তার বোলিংয়ের ফুটেজ পাঠানো হয় আইসিসির হিউম্যান প্যানেলের দুই সদস্য হেলেন বায়েন ও মার্ক কিংয়ের কাছে। সেখানেই প্রমাণ হয় অবৈধ অ্যাকশনে বোলিং করেছেন ভিটরি। পরে আইসিসির ৬.৫ ধারায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।
২০১৬ সালের জানুয়ারিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ বোলিং করে নিষিদ্ধ হয়েছিলেন ২৪ ওয়ানডে ও ১১ টেস্ট খেলা ভিটরি। ফিরেছিলেন জুনে। কিন্তু সেই বছরের নভেম্বরে আবারও বোলিংয়ে ত্রুটি পড়ায় দ্বিতীয় দফায় হোন নিষিদ্ধ। পান ১২ মাসের নিষেধাজ্ঞা।
তৃতীয় দফায় নিষিদ্ধ হওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন ভিটরি। সঙ্গে আইসিসির বোলিং ল্যাবে পরীক্ষা দিয়ে নিজেকে বিশুদ্ধ প্রমাণ করার দায়তো আছেই।







