তুরস্ক এবং সিরিয়া সীমান্তে আইএস জঙ্গিদের হামলায় এক তুরস্ক সেনা নিহত ও দুই সেনা আহত হয়েছে। পাল্টা হামলায় এক আইএস জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
তুরস্কের কিলিস প্রদেশের গভর্নর সুলেমান তাপসিজ জানিয়েছেন, আইএস এর হামলার পর সিরিয়ার অভ্যন্তরে আইএস অবস্থানের ওপর পাল্টা ট্যাংক হামলা চালানো হয়েছে। এতে এক আইএস জঙ্গি নিহত হয়েছে।
ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে টেলিফোনে তুরস্কের বিমান ঘাঁটি থেকে আইএস অবস্থানে মার্কিন বিমান হামলা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্ব তুরস্কের সুরুকে আইএস-এর আত্মঘাতি হামলার ৪দিনের মাথায় আইএস তুর্কি সেনাদের উপর এই হামলা চালায়। তুরস্ক সরকার সুরুকে আত্মঘাতি হামলাকারী কুর্দি আইএস সদস্য শাহ্ আবদুর রহমান আলাগজকে সনাক্ত করেছে।







