আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তিন সিটিতে মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার বিজিবির গণসংযোগ কর্মকর্তা মহসিন রেজা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ জুলাই ওই তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, এ ছাড়া তিন সিটি করপোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত চার প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মহসিন রেজা।
এসব নির্বাচনী এলাকায় আজ শনিবার থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।








