চট্টগ্রাম থেকে: চলতি বছর আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট খেললেই শেষ হবে বাংলাদেশের বর্ষপঞ্জি। এবছর ৬ ম্যাচে ৪০ উইকেট নেয়া তাইজুল ইসলামের কাছে মিরপুরে দুই ইনিংসেই ৫টি করে উইকেট চান সাকিব আল হাসান। সেটি হলে এক বছরে ৫০ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি হবেন তাইজুল।
৬ টেস্ট, ১১ ইনিংস, ৪০ উইকেট। ৫ উইকেট চার বার। ৪ উইকেট তিন বার। উইকেটহীন থাকেননি কোনো ইনিংসেই। বছরজুড়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স বাঁহাতি স্পিনার তাইজুলকে নিয়ে এসেছে ২০১৮ সালে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে। শীর্ষে আছেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিনি তাইজুলের চেয়ে ৩ ম্যাচ (৯ টেস্ট) বেশি খেলে নিয়েছেন ৪৬ উইকেট।
বছরের শেষভাগে (২৬-৩০ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ানে বক্সিং-ডে টেস্ট খেলবে সাউথ আফ্রিকা। তাইজুল ও রাবাদার সামনে আছে একটি করে টেস্ট। উইকেটের ব্যবধান অবশ্য ৬। বর্ষসেরা বোলার হতে হলে তাইজুলকে মিরপুর টেস্টে তাই করতে হবে বিশেষ কিছুই।
ক্যারিবীয়দের বিপক্ষে শনিবার শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে তাইজুল নিয়েছেন মোট ৭ উইকেট। প্রথম ইনিংসে একটি, আর দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট। বছরের শীর্ষ উইকেট শিকারি হতে তাইজুলকে করতে হবে আরও ভালো পারফরম্যান্স; সাকিবের চাওয়ার মতোই কিছু, ‘ও(তাইজুল) অসাধারণ বোলিং করছে। আর একটা ম্যাচ আছে এই বছর। আমি চাইব যেন এভাবেই বোলিং করতে পারে। শুধু এক ইনিংসে না, দুই ইনিংসেই যেন ৫টা, ৫টা করে উইকেট পেতে পারে।’
তাইজুল বছর শুরু করেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে। বছরের শেষদিকে এসে টানা তিন টেস্টে চারবার ৫ উইকেট নিলেন নাটোরের এ বাঁহাতি স্পিনার। সাকিব মনে করেন তাইজুলের ধারাবাহিক পারফরম্যান্সের মন্ত্র শুধুই কঠোর পরিশ্রম করে যাওয়া।
‘তাইজুলের সব থেকে ভালো দিক হচ্ছে অসম্ভব পরিশ্রম করে বোলিংটা নিয়ে। প্রথম ইনিংসে যদিও একটা উইকেট পেয়েছে, কিন্তু সবাই ওকে সাধুবাদ জানিয়েছি। ও কিন্তু আমাদের সেরা বোলার ছিল প্রথম ইনিংসে যদিও সেভাবে উইকেট পায়নি। এমন হয় অনেক সময়। অনেক ভালো বল করছে কিন্তু উইকেট পাচ্ছে না। অন্যদিক থেকে হয়তো একটা বোলার একটা-দুইটা উইকেটটেকিং বল করেছে তাতেই উইকেট পেয়ে গেছে।’
মিরপুর টেস্টে তাইজুল ৬ উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন রাবাদাকে। সেইসঙ্গে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে স্পর্শ করবেন একশ উইকেটের মাইলফলক। ২২ টেস্ট খেলা তাইজুলের ঝুলিতে উইকেট এখন ৯৪টি।
বছরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ১২ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট। তৃতীয় স্থানে থাকা লঙ্কান অফস্পিনার দিলরুয়ান পেরেরা ৯ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট।







