আইসল্যান্ডের রক্ষণাত্মক খেলাতেই ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে আর্জেন্টিনা, এমনটাই মনে করছেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডের অভিজ্ঞ সেনানি হাভিয়ের মাশ্চেরানো।
‘মেসির পেনাল্টি নয়, প্রতিপক্ষের রক্ষণাত্মক খেলাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে’ -মাশ্চেরানোর সোজাসাপ্টা মন্তব্য।
মাশ্চেরানো বলেছেন, প্রতিপক্ষ খেলোয়াড়দের রক্ষণভাগে জটলা বেঁধে থাকাটাই আর্জেন্টিনার আক্রমণভাগকে ভুগিয়েছে।
মেসির পেনাল্টি মিস সম্পর্কে মত, ‘ফুটবলে এমনটা হবেই, অনেক তারকা খেলোয়াড়রাই পেনাল্টি থেকে গোল মিস করে। তবে সত্যি কথা বলতে তাদের অতিরিক্ত রক্ষণাত্মক খেলাতেই আমরা পয়েন্ট ভাগ করতে বাধ্য হয়েছি।’
শনিবার বিশ্বকাপে মাঠে নামার মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাশ্চেরানো। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ১৪৪তম ম্যাচ। আগে রেকর্ডটি ছিল সাবেক মিডফিল্ডার ১৪৩ ম্যাচ খেলা হাভিয়ের জানেত্তির দখলে।

মাশ্চেরানোর সামনে এই রেকর্ড আরো অনেকদূর নেয়ার সুযোগ আছে। দলে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৩০ বছর বয়সী মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ১২৫ ম্যাচ।
৩৪ বছর বয়সী মাশ্চেরানোর আর্জেন্টিনা দলে অভিষেক ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর ধরে দলের রক্ষণভাগ সামলাচ্ছেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শততম ম্যাচের কোটা পার করেন।








