সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের রক্ত দিয়ে সহায়তা করতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সন্ধানী অথবা রেডক্রিসেন্টের সহযোগিতায় এই ব্লাড ব্যাংক করা হবে।
রোববার এফবিসিসিআই আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধকল্পে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।
তিনি বলেন, ব্লাড ব্যাংক করার বিষয়ে ইতোমধ্যে আমরা রেডক্রিসেন্টের সঙ্গে কথা বলা শুরু করেছি। ২/১ দিনের মধ্যেই আমরা জানতে পারব। এছাড়া আর একটি প্রতিষ্ঠান সন্ধানীর নামও এসেছে। এই দুই ব্লাড ব্যাংকের সহযোগিতায় এফবিসিসিআই ব্লাড ব্যাংক করবে।
এছাড়া জেলা চেম্বার এবং পুরান ঢাকায় যেসব অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলে এটা কীভাবে দেশব্যাপী করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, ডেঙ্গু পরীক্ষার কিটের বিষয়ে কথা এসেছে। এটা (কিট) কীভাবে আনা যায় সে বিষয়ে আমাদের (এফবিসিসিআই সদস্য) যারা কিট আমদানিকারক আছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে। এ জন্য এফবিসিসিআিইয়ের পক্ষ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করা গেলে আমরা সেটা করতে প্রস্তুত।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব হাসপাতালে কিট সরবরাহ করা সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, এফবিসিসিআই যদিও অনেক বড় পরিবার, তারপরও বাংলাদেশের সব হাসপাতালে কিট বা মলম বিতরণ করার সক্ষমতা আমাদের নেই। তবে আমাদের সদস্যদের সঙ্গে আলোচনা করে নির্মাণাধীন যেসব বিল্ডিং আছে সেখানে পরিবেশ যাতে ঠিক থাকে সেজন্য উদ্যোগ নেয়া হবে।
সভায় প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার কিট ১২০ টাকায় পাওয়া যেত। মে মাসে এই কিটের দাম বেড়ে হয় ১৫০ টাকা। জুনে তা আরও বেড়ে ১৮০ টাকা হয়। আর এখন ৪৫০ টাকা দিয়েও ডেঙ্গু পরীক্ষার কিট পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে এফবিসিসিআইকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মবিন খান, চিকিৎসক শরিফ, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ ডন, আবু মোতালেব প্রমুখ।







