যুক্তরাষ্ট্রের ডালাসে ৫ পুলিশ কর্মকর্তা হত্যাকারীর বাসায় বোমা বানানোর বিস্ফোরক, বন্দুক, গুলি এবং যুদ্ধের কৌশলপত্র পাওয়া গেছে। হত্যাকারী মিকাহ জনসন জেভিয়ার জানিয়েছে সাদা পুলিশ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য নিয়েই মাঠে নামে সে।
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার ডালাসে বিক্ষোভের সময় পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে কৃষ্ণাঙ্গ যুবক মিকাহ জেভিয়ার জনসন।
ডালাস পুলিশ প্রধান জানিয়েছেন, হামলাকারীওই যুবক শ্বেতাঙ্গদের বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চেয়েছিল।
ওই যুবক কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং সে একাই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের উপর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
ঘটনাকে কাপুরুষোচিত ও ঘৃণ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারী ক্লিনটন কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের আরো সহনশীল হতে পরামর্শ দেন। তিনি ভালোবাসা ও ক্ষমার উপর গুরুত্বারোপ করেন।
বুধবার মিনিয়াপলিস এলাকায় ক্যাস্টিল নামের এক কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে মারা গেলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বিক্ষোভ হয় নিউইয়র্ক, মিনেসোটাসহ বেশ কয়েকটি শহরে।







