অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক ডাবল সেঞ্চুরি ব্রায়ান লারার। নেতা হয়ে ৫টি দ্বিশতরান রয়েছে ক্যারিবীয় কিংবদন্তির ঝুলিতে। রোববার সেটি ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। টেস্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছয়টি ডাবল সেঞ্চুরির রেকর্ড পকেটে পুরে ফেলেছেন।
গত রোববার নাগপুরে যা করেছিলেন। ঠিক এক সপ্তাহ পরে সেটার রিপ্লেই দেখালেন দিল্লির ফিরোজ শাহ কোটলায়। এদিন সকালে আরও একটি ডাবল সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি।
ক্যারিয়ারের ষষ্ঠ দ্বিশতরান এটি কোহলির। ছুঁয়েছেন ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতরানকারী দুই কিংবদন্তিকে। শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগের ৬টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে।
টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে পর পর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। নাগপুরে দ্বিতীয় টেস্টে ২০৪ রান করেছিলেন। সঙ্গে টানা তিন টেস্টে সেঞ্চুরি ছাড়ানো ইনিংস খেললেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন। এই নিয়ে কোহলির সর্বশেষ তিনটি টেস্ট ইনিংস হল ১০৪ *, ২১৩, ও ২২৫ *।
শুধু তাই নয়, এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি) সবচেয়ে বেশি রান করায় তৃতীয়স্থানে এখন বিরাট কোহলি। ৭০.০৫ গড়ে এখন পর্যন্ত ৪৬টি ইনিংসে বিরাটের রান ২৭৩২। এদিক থেকে প্রথমস্থানে রয়েছেন শ্রীলঙ্কান মাস্টার ক্লাস কুমার সাঙ্গাকারা। তার রান ২৮৬৮।
তৃতীয় টেস্টের প্রথম দিনে শনিবার প্রায় সারাদিন চেষ্টা করেও কোহলিকে সমস্যায় ফেলতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন। রোববারও কোহলি ছিলেন নিজের মুডে। আগের দিনে ১৫৬ রানের অপরাজিত থাকা কোহলি মাত্র ২৩৮ বল খেলে ডাবল সেঞ্চুরি করেন। এখন তার সামনে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর সুযোগ। রিপোর্ট লেখা পর্যন্ত ২৪০ রানে অপরাজিত ভারতীয় অধিনায়ক।








