মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান পার্টির
প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি তুলে ধরেছেন। মিত্রদের প্রতি
হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ইউরোপ ও এশিয়ার মিত্রদের প্রতিরক্ষার জন্য আর্থিক ব্যয়ের অংশ তাদেরই মেটাতে বাধ্য করবেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনী উত্তেজনার মধ্যেই নিজের পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন ট্রাম্প। বুধবার আরো একটি সুপার টুইসডের ফলে পাঁচটি অঙ্গরাজ্যের প্রাইমারিতে পাঁচটিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। আর ডেমোক্র্যাট শিবিরে ৫টির মধ্যে ৪টিতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটপ্রার্থী হিলারি ক্লিনটন।
এমন পরিস্থিতিতে প্রায় চূড়ান্ত মনোনয়নের মুখে থাকা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার পররাষ্ট্র নীতি ঘোষণা করেন। বর্তমান ওবামা সরকারের পররাষ্ট্রনীতিকে ‘সম্পূর্ণ বিপর্যয়’ মন্তব্য করেন ট্রাম্প।
নিজের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেন, ইউরোপ ও এশিয়ার মিত্রদের প্রতিরক্ষার জন্য আর্থিক ব্যায়ের আরও বড় অংশ নিজেদেরই মেটাতে হবে। তা না হলে তাদের নিজেদেরই আত্মরক্ষার দায়িত্ব নিতে হবে।
ওবামার পররাষ্ট্রনীতিকে সমালোচনা করে ট্রাম্প বলেন, চীনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুযোগ নিতে দিয়েছেন এবং ইসলামিক স্টেট জঙ্গিদের পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ‘পররাষ্ট্রনীতির মরিচা’ ঝেড়ে ফেলার অঙ্গীকার করেন ট্রাম্প।
তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হবে বলেও জানান।








