ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার পর টি-টুয়েন্টি দলে ফেরা সৌম্য সরকার এই ফরম্যাটের ক্রিকেটকে পাখির চোখ করছেন। সামনের দুই ম্যাচে ভালো করে দলে জায়গা ধরে রাখতে চান তিনি।
‘টি-টুয়েন্টি দুই ম্যাচে ভালো করার চেষ্টা করবো। চেষ্টা করবো এই ফরম্যাটে স্থির হতে।’ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন সৌম্য।
গেল বছরে ওয়ানডে এবং টেস্টে সৌম্য ভাল করতে না পারলেও টি-টুয়েন্টিতে সতীর্থদের চেয়ে এগিয়ে। ৭ ম্যাচে ৩৩.৫৭ গড়ে ২৩৫ রান করেন। স্ট্রাইকরেট ১৫৬.৬৬।
টি-টুয়েন্টির এমন সফলতা থেকে আত্মবিশ্বাস খোঁজেন তিনি, ‘যতক্ষণ থাকি, ততক্ষণ আত্মবিশ্বাস নিয়েই খেলার চেষ্টা করি। এর বাইরে যা খেলেছি, সেখানে ভালো করতে পারিনি বলে মনে হয়েছে আমি হয়তো ব্যাকফুটে চলে গেছি। টি-টুয়েন্টিতে সফল হয়েছি বলে মনে হচ্ছে আত্মবিশ্বাসী ছিলাম। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো হবে।’
ওয়ানডে এবং টেস্ট সিরিজে ডাক না পেলেও টি-টুয়েন্টিতে ফেরার প্রত্যাশা ছিল এই বাঁহাতি ওপেনারের, ‘প্রত্যাশা অবশ্যই ছিল। তারপরও প্রিমিয়ার লিগ চলছিল। সেখানেই মনোযোগটা একটু বেশি ছিলো।’
ঘরোয়া ক্রিকেট খেলার বাইরে ফিটনেস নিয়ে কাজ করেছেন সাতক্ষীরার এই তরুণ, ‘ফিটনেস নিয়ে কাজ করেছি। এর বাইরে আলাদা কিছু অনুশীলন করেছি। আগের কোচের সাথে (রুশো স্যার), প্রাইম ব্যাংকের আশিক ভাইয়ের সাথেও কাজ করেছি।

ওয়ানডে-টেস্টের ব্যর্থতা টি-টুয়েন্টি সিরিজে প্রভাব ফেলবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টি-টুয়েন্টিতে এসে ওয়ানডে-টেস্টের কথা চিন্তা করলে প্রভাব ফেলবে। টি-টুয়েন্টিতে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। যারা এতো কিছু নিয়ে ভাবছে না। তাদের মাথায় মনে হয় না, এ সব আছে। এই চিন্তা বাদ দিয়ে যারা খেলবে, তারা ভালো করবে।’








