কলকাতা, ভারত থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শেষ হচ্ছে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ। শেষ চ্যালেঞ্জে জয় নিয়েই দেশে ফিরতে চায় টিম-বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, অন্য ফরম্যাটে হলেও কিউইদের বিপক্ষে টাইগারদের অতীত রেকর্ড প্রেরণা হবে ইডেনে।
বৃহস্পতিবার কলকাতা পৌছার পর শুক্রবার অনুশীলন ছিলো না বাংলাদেশের। কলকাতা মোহামেডান স্পোটিং ক্লাবে জুমার নামাজ আদায় করেন বাংলাদেশী ক্রিকেটাররা।
নামাজ শেষেই সোজা ইডেন গার্ডেন্সে এসে অধিনায়ক মাশরাফি যোগ দেন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের প্রিভিউ প্রেস কনফারেন্সে। জানালেন, ব্যঙ্গালুরুতে ১ রানের ট্রাজেডির পর টিমের বর্তমান অবস্থা।
মাশরাফি বিন মর্তুজা বলেন, যেটা হয়ে গেছে তাতে সবাই একটা শোকের ভেতরে আছে। সবাই কিন্তু আপসেট। কেউ কাউকে দোষ দিচ্ছে না কিন্তু মেনে নিতেও পারছে না যে এইভাবে হারতে হলো।
ইডেনে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজে হারে শুরু করা বিশ্বকাপের পরের দু ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে দারুণ লড়াই করেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের সঙ্গে টিম বাংলাদেশের ভাবনার কথা জানিয়েছেন ম্যাশ।
মাশরাফি বলেন, নিউজিল্যান্ড এই কন্ডিশনে ইন্ডিয়ার মতো টিমকে হারিয়েছে। মানসিকতার দিকে তাকালে তারা এই টুর্নামেন্টে খুব ভালো অবস্থানে আছে। আমি মনে করি এই মুহুর্তে আমাদের হারানোর কিছু নেই। শুধু এটা ভেবে যদি আমরা নামতে পারি তবে আমরাও ভালো খেলতে পারবো।
নিউজিল্যান্ডের সঙ্গে এর আগে বাংলাদেশের যত রেকর্ড, যত সাফল্য বেশিরভাগই টেস্ট-ওয়ানডেতে। টি-টুয়েন্টিতে জয়ের ৩ ম্যাচের সবগুলোই কিউদের পক্ষে। এবার তা পরিবর্তনের সুযোগ টাইগারদের সামনে ।
মাশরাফি বলেন, টি-টোয়েন্টিতে আমাদের অতীত রেকর্ড থেকে আমরা ভালো অবস্থানে যাচ্ছি আস্তে আস্তে। হয়তো বা পরবর্তী বিশ্বকাপে আমাদের টিম একটি ‘ডিফারেন্ট টিম’ হবে।
সব মিলিয়ে এই বিশ্বকাপে নিজেদের উন্নতিই দেখছেন টাইগার ক্যাপ্টেন। দেশে ফেরার আগে একটা জয়ের চেষ্টায় টিম।






