মধ্যপ্রদেশের এক গ্রামে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন! মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (এমজিএনআরইজিএ) জব কার্ডে এমন চিত্রই দেখা গেছে। তবে কার্ডে নাম সোনু শান্তিলালের।
বলিউড তারকাদের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে এরকম আরও অনেক ভুয়া কার্ড তৈরি করা হয়েছে। এসব কার্ড তৈরি করে সরকারি প্রকল্পে কর্মসংস্থান দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা।
যেমন, মধ্যপ্রদেশের জিরানিয়া গ্রামের বাসিন্দা সনু শান্তিলালকে পারিশ্রমিক দেয়া হয়েছে একটি ড্রেন নির্মাণ প্রকল্পে কাজ করার জন্য। মনু দুবে নামে একজনের জব কার্ডের নামে প্রতি মাসে ৩০ হাজার রুপি তোলা হচ্ছে। সম্প্রতি এই দুর্নীতির খবর প্রকাশ্যে এসে আলোড়ন সৃষ্টি হয়েছে।
যাদের নাম এসব ভুয়া কার্ডে আছে, তারা এই ব্যাপারে কিছুই জানেন না বলে দাবী করেছেন। শান্তিলাল এবং দুবে জানিয়েছেন, তারা একদিনও কাজে যাননি। এমনি মনু দুবে জানিয়েছেন, তিনি কখনও জব কার্ড তৈরিই করেননি।
সনু শান্তি লাল বলেন, ‘এই কার্ড কীভাবে তৈরি হয়েছে জানিনা’। সনু দাবী করেছেন, এই দুর্নীতিতে পঞ্চায়েত সেক্রেটারি এবং এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট জড়িত।
জেলার পঞ্চায়েতের সিইও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কীভাবে এসব ভুয়া জব কার্ড তৈরি করে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে সেই ব্যাপারে তদন্ত করতে বলেছেন। অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। -এনডিটিভি








