দেশ যখন টি-টুয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত, তখন ব্যস্ত সময় থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুটা সময় দিয়েছে বিরাট কোহলিকে। একটু বিশ্রাম। সামনে কঠিন অস্ট্রেলিয়া সফর। টানা খেলতে খেলতে ক্লান্তি তো আসেই। কিন্তু এই বিশ্রামের মধ্যেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কাছের মানুষদের সঙ্গে কাটানোর সুযোগ পেয়ে গেছে ভারতীয় অধিনায়ক।
সোমবারই ৩০-এ পা দিলেন কোহলি। তাকে ভারতের মাইলস্টোন ম্যান, রেকর্ড ব্রেকিং এবং রেকর্ড মেকিং ম্যান বললেও ভুল হবে না। সদ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড করে ফেলেছেন। প্রথম তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরিও করেছেন প্রথম ভারতীয় হিসেবে।
কোহলির জন্মদিনের শুভেচ্ছায় টুইটার ভেসে গেছে। সতীর্থ থেকে সমর্থক, সবদিক থেকেই। তবে টিম ইন্ডিয়ার সঙ্গে জন্মদিন পালনকে নিশ্চই তিনি মিস করবেন।
এই বছরটা দারুণ কাটছে কোহলির। টেস্টে ১০ ইনিংসে করেছেন ১০৬৩ রান। গড় ৫৯.০৫, রয়েছে চারটি সেঞ্চুরি।
ইংল্যান্ডের জো রুট রয়েছেন তার পরেই। ১০ ইনিংসে ইংলিশ অধিনায়কের রান ৭১৯। গড় ৪২.২৯ এবং তার একটি সেঞ্চুরি।
ওয়ানডেতে তো কোহলিই সেরা। এই বছরটা তার ধারে কাছে কেউ নেই। ১৪ ম্যাচে এখনও পর্যন্ত তার রান ১২০২। ক্রিকেট বিশ্বে তার দখলেই রয়েছে এই বছরের সর্বোচ্চ রান। তার মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।
ওয়ানডেতে কোহলির কাছাকাছি রয়েছেন আর এক ভারতীয়ই। তিনি রোহিত শর্মা, যার কাছে এই বছর রয়েছে ১৯ ম্যাচে ১০৩০ রান। গড় ৭৩.৫৭।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে কোহলিকে প্রি-বার্থ ডে গিফটা দিয়ে দল। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। ক্রিকেটমহল বেছে নিয়েছে টুইটারকে শুভেচ্ছা জানাতে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।







