জঙ্গিবাদ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত; তাদেরকে দেশের মানুষ খড়ের গাদা থেকে আলপিনের মতো খুঁজে বের করবে বলে মন্তব্য করেছেন র্যাব এর মহাপরিচালক বেনজীর আহম্মেদ।
সোমবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে অপরাধ প্রতিরোধমূলক সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সৌহার্দ্য-সম্প্রীতির দেশ, শান্তির দেশ, মানবাধিকারের দেশ উল্লেখ করে বেনজির আহম্মেদ বলেন, ‘এদেশে কোনো জঙ্গি তৎপরতা থাকতে পারে না। আমরা সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিদের সমূলে উৎপাটন করবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের সময় থাকতে আইনের কাছে আত্মসমর্পণের আহবান জানাচ্ছি।
‘জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা মনে করে মানুষ মেরে ধর্ম প্রতিষ্ঠা করা যায়। কিন্তু খুন হত্যা ও অশান্তি সৃষ্টি করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না।’
পরে তিনি দিনাজপুর র্যাব-১৩’র আয়োজনে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হুমায়ুন কবির, র্যাবের -১৩ এর উইং কমান্ডার ফরহাদ মাহমুদ পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমীন এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল ।






