ছাত্র-ছাত্রীদেরকে জঙ্গিবাদ এবং মাদক থেকে দূরে থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে জনমত গড়তে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন,‘বাঙালির অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ছাত্রলীগের জন্ম। দেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের অবদান আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের অগ্রসেনানীর ভূমিকায় ছিলো ছাত্রলীগ।’
তাই বর্তমান ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে জাতির জনকের আদর্শ ধারণের আহ্বান জানিয়েছেন তিনি।
পুনর্মিলনে যোগ দেয়া ছাত্রলীগের নবীন-প্রবীন নেতা-কর্র্মীদের সঙ্গে নিজেকেও একাত্ম করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন,‘এখন আওয়ামী লীগ করি কিন্তু ছাত্রলীগ কর্মী ছিলাম এটাতো ভুলতে পারি না।’
ছাত্রলীগের মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান নেতাকর্মীদেরকে শিক্ষিত হয়ে প্রগতির মাধ্যমে শান্তির দেশ প্রতিষ্ঠা করতে আরও সুগঠিত হতে বলেন তিনি। একই সঙ্গে নিজ নিজ এলাকায় নিরক্ষরতামুক্ত অভিযান চালাতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।
তিনি বলেন,‘অশিক্ষিতদের হাতে দেশ পড়লে কী হয় তা ১৯৭৫ সালের পর তা হাড়ে হাড়ে টের পেয়েছি। মোশতাকের পর ক্ষমতায় আসা সামরিক শাসক জিয়া নিজেই ছিলো মেট্রিক পাশ’।
দেশের প্রগতি বিরোধী এই শক্তিই পরবর্তীকালে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নানাভাবে পুরস্কৃত করেছে। শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘যারা যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে এদেশে তাদেরও বিচার হবে।’
এই নিউজের ভিডিও…







