এক টুইট বার্তায় ছিটমহলবাসীকের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অফিসিয়াল টুইটার পেজে তিনি বলেন, ‘স্বাধীনতার ৬৮ বছর পরে আমার ছিমহলের ভাই বোনরা নতুন করে স্বাধীন হলো। সবাইকে জানাই অভিনন্দন।’
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সীমান্ত প্রটোকল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাও। এ জন্য একদিন আগেই ঢাকায় আসেন তিনি।
গত ৭ মে ভারতের লোকসভায় পাস হয় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিলটি। এতে দু’দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে মূল দেশের পরিচয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ১১১টি ছিটমহল ফেরত দেবে ভারত। এর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর। আর ভারতকে ৫১টি ছিটমহল দেবে বাংলাদেশ। যার আয়তন ৭ হাজার ১০ একর।সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের মোট ১৬২টি ছিটমহলের প্রায় ৫২ হাজার মানুষ নাগরিক সুবিধা পাবে।
মমতা ব্যানার্জী বাংলাদেশ সফর শেষে শনিবার রাতেই ঢাকা ছেড়েছেন। এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।







