ক্রিজে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। মারকুটে হিসেবেও খ্যাত! কিন্তু দুজনেই যেনো রান তুলতে ভুলে গেলেন! এক-দুই রান করে তুলতেই হিমশিম খেতে থাকলেন! সময় যত গড়াচ্ছিল, রানের চাকা ধীর হয়ে পড়াটা ততই দৃষ্টিকটু দেখাচ্ছিল। চাপও বাড়ছিল। কিন্তু মেজাজ হারাননি সাকিব ও তামিম। রানের জন্য সংগ্রাম করেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত এনে দিচ্ছেন বাংলাদেশকে।
রোববার গায়ানায় টস ভাগ্যে হাসার পর শুরুতেই এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টি বিরতি। ফিরে ইনিংস মেরামতের চেষ্টার সঙ্গে রানের চাকা সচল রাখতে লড়াই করতে হয় ধীরস্থির ব্যাটিংয়ে এগোনো তামিম-সাকিবকে। সেই লড়াইটা জারি আছে ৪০তম ওভার পেরিয়েও।
দ্বিতীয় ওভারে জুটি বাধা এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দেড়শ রানের জুটি পেরিয়ে এগোচ্ছেন দুইশর দিকে। দলীয় সংগ্রহটাও সে পথেই। দুজনেই হাঁটছেন সেঞ্চুরির দিকে। সাকিবের চেয়ে তামিমই একটু ধীরে রান তুলছেন। সাকিব ৯০ ও তামিম আছেন ৮৬ রানে।
আগে বিজয় ব্যর্থ হয়ে ফেরেন স্কোরবোর্ডে একটি বাইরান যোগ হতেই। রানের খাতাই খুলতে পারেননি ডানহাতি ওপেনার। দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারের অফস্টাম্পের বাইরে বেরিয়ে যেতে থাকা বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন।
তামিম ইকবালের সঙ্গে তারপরই ক্রিজে যোগ দেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারের সময় বৃষ্টি এসে খেলায় বিঘ্ন ঘটায়। ফিরে ইনিংস মেরামতে মনোযোগ দেন দুই অভিজ্ঞ টাইগার। সঙ্গে রানের গতিতে বেগ আনার প্রচেষ্টাও চলে।


