দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন, চ্যানেল আই আঠারো বছরে পদার্পণ করলো আজ। বিশেষ এই দিনে চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।
এক শুভেচ্ছা বার্তায় চ্যানেল আইয়ের সাংবাদিক, উদ্যোক্তা ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছে। বিশেষ করে কৃষি উন্নয়ন তথা গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রায় চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়।
চ্যানেল আয়ের সার্বিক সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, চ্যানেল আই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রাখবে এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।’








